ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Nagorbarta

‎২৫তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি গঠন

‎২৫তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। ‎ ‎শনিবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ‎ ‎২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের সব কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন, ২৫তম বিসিএস ফোরামের বিদায়ী সভাপতি ও যুগ্ম সচিব মো. নূরুল করিম ভূঁইয়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবিরসহ বিভিন্ন বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। ‎ ‎নবনির্বাচিত সভাপতি মো. আনিসুজ্জামান এর আগে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির সদস্য হিসেবে রয়েছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্-আল-ফারুক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ‎ ‎উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে যোগ দেওয়া ২৫তম বিসিএসের কর্মকর্তারা বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠার পর থেকে ২৫তম বিসিএস পুলিশ ফোরাম ব্যাচ সদস্যদের কল্যাণ, পেশাগত উৎকর্ষ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে আসছে।

‎২৫তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি গঠন