যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।এর অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় কলমেশ্বর এলাকায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন অন্যান্য থানাতেও কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।গাছা থানায় অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় জাহাঙ্গীর হাজারী একাদশ ও কলমেশ্বর একাদশ। স্থানীয় পর্যায়ের এসব ম্যাচ থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। পরবর্তীতে বিভিন্ন থানার বাছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে থানা দল গঠন করে মহানগর পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে আয়োজকরা জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইজরাইল হাওলাদার। আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার, অপরাধ দক্ষিণ বিভাগ, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমান এবং গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম রাব্বানী।এ সময় জিএমপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান বাবুল সিপাহী, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মোমিনুর রহমান মমিন, গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম নাঈম মাস্টার, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাশেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্যে জিএমপি কমিশনার মো. ইজরাইল হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি করা জরুরি। যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তাই মাঠগুলোকে সচল রাখা এবং তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দেওয়া প্রয়োজন।তিনি আরও বলেন, মাদক নির্মূল শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের জন্য সুস্থ বিনোদন ও ক্রীড়া কার্যক্রম বাড়ানো গেলে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।গাছা থানার ওসি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, “খেলা ফিরিয়ে আনতে হবে। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে মাঠমুখী করতে হবে। তাহলেই গড়ে তোলা যাবে নতুন স্বাধীন বাংলাদেশ।”ওসি বলেন, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা গেলে তাদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ তৈরি হবে। একই সঙ্গে কিশোর ও যুবকদের অপরাধপ্রবণতা কমাতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করা। ক্রীড়া আয়োজনের মাধ্যমে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে যোগাযোগ বাড়ার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি হবে।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এর মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুরের বিভিন্ন থানায় অনুষ্ঠিত ম্যাচ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে পরবর্তী ধাপে মহানগর পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। দিকনির্দেশনায়: উপ-পুলিশ কমিশনার, অপরাধ দক্ষিণ বিভাগ, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তত্ত্বাবধানে: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। আয়োজনে: গাছা মেট্রোপলিটন থানা পুলিশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।