ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬
Nagorbarta

আইন ও অপরাধ

শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রাজনৈতিক সংগঠন নতুন ধারা বাংলাদেশ’র চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হরী সরকার। বুধবার (৫ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মোমিন মেহেদী, শান্তা ফারজানাসহ ওই ছয়জনের বিরুদ্ধে মঙ্গলবার বাবুল সরদার নামে এক ব্যক্তি শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৭/৮/৯(১)/৯(২)/১০/১১/১২ তৎসহ দণ্ডবিধি আইনের ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা আওয়ামী লীগের দোসর এবং বর্তমান সরকার বিরোধী ষড়যন্ত্রকারী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা উস্কানিমূলক স্লোগান ও মিছিল দিতে থাকে। এ সময় বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন এর প্রতিবাদ করলে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাসস

শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ