জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন প্রতিবাদকারীরা।
তাদের দাবি, ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং একজন সরকারি কর্মকর্তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট কালাম মেম্বারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশে ইন্ধন দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। এমনকি কিছু সাংবাদিককে অর্থের বিনিময়ে ব্যবহার করার অভিযোগও করা হয়েছে।
প্রতিবাদকারীরা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হওয়া উচিত সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থে সংবাদমাধ্যমকে ব্যবহার করে কারও সম্মানহানি করা অনৈতিক ও নিন্দনীয়।
তারা আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকাশ করা উচিত। ব্যক্তিগত আক্রোশ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
এ সময় প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান প্রতিবাদকারীরা।
তাদের প্রত্যাশা, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বজায় থাকবে এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।