রাজধানীর দোলাইপাড়–ডেমরা মাতুয়াইল ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই টেলিভিশন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, বিজয় টিভি ও আনন্দ টিভি–এর দুই রিপোর্টার ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান। অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান অফিসের রেকর্ড রুমের বিভিন্ন কার্যক্রম দালালদের মাধ্যমে পরিচালনা করেন। এসব দালাল বাইরে থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে কাজ সম্পন্ন করে দেন।স্থানীয়দের দাবি, রেকর্ড রুমে গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকা সত্ত্বেও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও সেখানে দালালদের অবাধ যাতায়াত রয়েছে। এমনকি দালালরাই বিভিন্ন পর্চা ও খতিয়ানের সেবা দিয়ে থাকেন।এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।ঘটনার পর সাংবাদিকরা নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।