রাজধানীর ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগী শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এবং আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক অস্বচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাঁদের কাছে বিনা মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়। তাঁরা আরও বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং অর্থোপেডিক সার্জন অধ্যাপক শাহ মুহাম্মদ আমান উল্লাহ, পরিচালক (প্রোগ্রাম) প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, পরিচালক প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, আজীবন সদস্য রেজাউর রহমান চৌধুরী সুমন, ডা. সাঈদ মেহেবুব কাদির ও সোহেল আহমেদ। এ ছাড়া সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা কর্মসূচিতে দায়িত্ব পালন করেন।