অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এই জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেল টাইগাররা।
ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের সবাইকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান এবং সিরিজের পরের টেস্টের জন্য শুভকামনা জানান। বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি।
বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ভিডিও কলে দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে সেই জয়ের সঙ্গে যোগ হলো আরও বড় এক অর্জন। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলকে তাদেরই মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।