বেলাবো (নরসিংদী): দেশের সকল নাগরিকের ধর্মীয় উৎসব যাতে নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, তা নিশ্চিত করতে সরকার ও দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল।
গত সোমবার (১৯ অক্টোবর) রাতে নরসিংদীর বেলাবো উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ সশরীরে পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে তিনি সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসাথে শারদীয় উৎসব উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি উপজেলার পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী বেলাবো উপজেলার খালিয়া কান্দী, নারায়ণপুর এবং বেলাবো বাজারের ২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাবো উপজেলার ৮০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছিলেন।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেনের সভাপতিত্বে পূজা মণ্ডপ পরিদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আমান উল্লাহ এবং যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান।
এছাড়াও পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।