জামালপুরের মাদারগঞ্জে চাঁদা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ আবু সাঈদ সুজন (৩৬) বাদী হয়ে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আবু সাঈদ সুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় একটি দুষ্কৃতকারী চক্রের সাথে তাঁর বিরোধের সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, ওই বিরোধের জের ধরে মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে আকন্দ সোহাগ (২৭)—যিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন—সম্প্রতি সুজনের বাড়িতে যান। সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে তিনি সুজনের কাছে ১০,০০০ (দশ হাজার) টাকা চাঁদা দাবি করেন।
বিএনপি নেতা সুজন উক্ত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদী সোহাগ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাঁদা না দিলে তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ সংবাদ প্রচারের হুমকি দিয়ে চলে যান। এর কিছুদিন পর, আকন্দ সোহাগ তাঁর নিজস্ব ব্যবহৃত ফেসবুক আইডি থেকে আবু সাঈদ সুজনের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও অশ্লীল বার্তা প্রকাশ ও প্রচার করতে থাকেন।
এ বিষয়ে ভুক্তভোগী বিএনপি নেতা আবু সাঈদ সুজন বলেন,
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং অন্যায়ের কাছে মাথা নত না করে চাঁদা দিতে অস্বীকার করায় একটি চক্র আমার পেছনে লেগেছে। কথিত ওই সাংবাদিকের অপপ্রচারের কারণে সামাজিক ও রাজনৈতিকভাবে আমার সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করি প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে