জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জোনাইল-টু-কয়ড়া মহাসড়কের নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারণের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির নির্মাণকাজ বন্ধ থাকার পাশাপাশি বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে ভাঙন ও গর্ত। বর্ষা ও বৃষ্টির পানি জমে এসব স্থানের অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে রাতের বেলায় ভাঙনপ্রবণ স্থানগুলোতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। সড়কটি দিয়ে প্রতিদিন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার এবং বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় শুরু করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায়ও ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কের ভাঙনপ্রবণ স্থানগুলো জরুরি ভিত্তিতে মেরামত এবং মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হোক।